
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ৮১৭ পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারির অভিযোগে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামরামপুর (দেওয়ালকুড়ি) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের মৃত এরফান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী ডলি খাতুন (৩৫)।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রামরামপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই বাড়ি থেকে ৮১৭ পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, রোববার (৩০ আগস্ট) গ্রেপ্তার স্বামী স্ত্রীকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।