
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার লালোর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা ২০২৬ এ জিপিএ-৫ পাওয়া আট শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাহবুব আলম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। অনুষ্ঠানে বাংলা টিভির সাংবাদিক মেহেদী বাবু, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা ২০২৬ এ জিপিএ-৫ পাওয়া আট শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সংবর্ধিত করা হয়। এ সময় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি তুলে ধরেন সিংড়া উপজেলায় তৃতীয় স্থান অর্জনকারী সজীব ও জুঁই।
অনুভূতি প্রকাশকালে তারা নিজেদের সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের নিবিড় পরিচর্যা, দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতার কথা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতেও বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখে ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বিদ্যালয় থেকে যারা জিপিএ-৫ অর্জন করবে, তাদেরও সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ ও শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ভবিষ্যতের সাফল্য ধরে রাখতে নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।