
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে। ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। আলোচনা সভায় প্রধান অতিথি ফজলে হুদা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য খাত। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।