
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান শালবাগান এলাকার মো. রিংকু (৩০), গাবতলী উপজেলার নাংলো পশ্চিমপাড়া এলাকার মো. দুলু মিয়া (৪৮), বগুড়া সদর উপজেলার দশটিকা এলাকার মো. মামুন (৩০), নাটোর জেলার সিংড়া উপজেলার রামআনন্দ খাজুরিয়া এলাকার মো. রাশেদুল (২৫) এবং শিবগঞ্জ উপজেলার বেলগড়িয়া এলাকার মো. আব্দুল গফুর (৬৫)।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আটক পাঁচজনের কাছ থেকে মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসি বগুড়া জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।”
ডিএনসি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।