
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার।
অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হয় এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই করা হয়। তদন্তে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে। পরে উপস্থিত কর্মকর্তাদের সামনে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলেও তারা জানান।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।