
নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের স্টেশন রোড ফলপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সেউজগাড়ী রেলকলোনীর টিয়া বাঁশফোড় (৩০), মালতিনগরের মো. হানিফ (২৫), কলোনী চকফরিদের মো. টুটুল (৩০) এবং বাদুরতলার মো. রুমন (২৮)।
অভিযান পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।
ভ্রাম্যমাণ আদালত টিয়া বাঁশফোড়কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মো. হানিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. টুটুল ও মো. রুমনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাদের কারাভোগ করতে হবে। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহা: জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের সহযোগিতায় মাদকের বিস্তার রোধে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।