
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বাড়ির আঙিনায় প্রায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের বিশেষ অভিযানকারী দল।
শনিবার (২ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে গাবতলী মডেল থানাধীন আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ওই গ্রামের ফরিদ ফকিরের ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিরাজুল ইসলামের নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে বাড়ির উত্তর পাশে আঙিনা থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার উচ্চতা প্রায় ১২ ফুট।
অভিযানের বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদক নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গাঁজা গাছ উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।