
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগী শহিদদের স্মৃতি সংরক্ষণে রাজশাহীতে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রাম ও শহিদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান-২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী গণঅভ্যুত্থান-২৪ পরিষদ।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেছেন, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও শহিদ ড. শামসুজ্জোহার স্মৃতির মতোই জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে রাজশাহীতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এই স্মৃতিস্তম্ভ নতুন প্রজন্মকে গণ-অভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।
শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর শহীদ সাকিব আনজুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সব শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বললেন, ১৯৬৯ সালে শহিদ ড. শামসুজ্জোহা যেমন ছাত্রদের জীবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও অসংখ্য তরুণ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না।
আহতদের চিকিৎসার বিষয়ে ভূমিমন্ত্রী বললেন, চীন সরকারের সহযোগিতায় একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন হবে, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
শহীদ পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বলেছেন, প্রতিটি শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থানের অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের সরকারি চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন বাংলাদেশ গঠনের প্রসঙ্গ তুলে ভূমিমন্ত্রী বললেন, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি নয়, দেশপ্রেম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই এগিয়ে যেতে হবে। তাহলেই শহিদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব হবে।
আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ। রাজশাহী গণঅভ্যুত্থান-২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাশেম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাফিজ, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যসচিব মাহাফুজুল হাসনাইন এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।