
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি মো. আব্দুল্লাহ (৩০)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল নগরীর বেলপুকুর থানাধীন মাহেন্দ্রা বাজার এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। এ সময় দূর্গাপুর থানার চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। তিনি মাহেন্দ্রা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী নারী গাজীপুরে মায়ের বাড়ি থেকে রাজশাহীতে স্বামীর বাড়িতে ফিরছিলেন। তিনি দূর্গাপুর থানার হাড়িয়াপাড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশাযোগে রওনা দেন। পথে অন্য যাত্রীরা নেমে গেলে চালক আব্দুল্লাহ ভুক্তভোগীকে নির্ধারিত রাস্তা থেকে অন্য পথে নিয়ে একটি পাটক্ষেতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তিনি ভুক্তভোগীর গলার স্বর্ণের চেইন, কানের দুল এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী দূর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি গত ১৩ জুলাই রুজু হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।