
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার দীঘলকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।
ডিএনসি সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দীঘলকান্দি এলাকার বাসিন্দা মো. আমিরুল ইসলাম (৪৫) কে ৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই এলাকার আকবর সর্দ্দারের ছেলে।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দ করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ডিএনসি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারির জন্যই ছাড় নেই।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।