1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
‘মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে’ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

‘মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে’

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, ‘শিক্ষকরা হলেন সমাজের দর্পণ এবং জাতির মেরুদণ্ড। দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে শিক্ষক সমাজকে সবচাইতে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে কোনো ছাত্র বিপথগামী হলে তাকে ঘৃণা না করে ভালোবাসা ও সঠিক শিক্ষার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে।’ শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, নেতৃত্বের অহংকার যেন কাউকে স্পর্শ না করে। সব সহপাঠীর সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক একটি সুশৃঙ্খল শিক্ষাঙ্গণ গড়ে তোলার গুরুত্ব অপরিসীম। স্মৃতিচারণ করে ভূমিমন্ত্রী বলেন, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি শুধু রাজশাহী নয়, বরং সারা বিশ্বে বরেণ্য শিক্ষাবিদ তৈরি করেছে। তাঁর স্ত্রীসহ পরিবারের অনেকের এই কলেজ থেকে ডিগ্রি অর্জন করার কথাও জানান মন্ত্রী।

প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী জানান, রাজশাহী টিটিসি’র জন্য একটি বিশাল বহুতল ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম এবং দুটি নতুন ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এছাড়াও তিনি কলেজের খেলার মাঠটিকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষাদানের মহান ব্রত নিয়ে শিক্ষকদের হারানো গৌরব পুনরুদ্ধার করার আহ্বান জানান।

রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. রফিকুল ইসলাম, রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও নবনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং শপথ পাঠ করানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team