
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় হানিট্রাপ করে এবং ওয়েব পেজ ব্যবহার করে বিশেষ কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের দুই তরুণী সহ ৪ সদস্য গ্রেফতার করেছে থানা পুলিশের সদস্যরা। বুধবার (১৫ জুলাই) আসামিদের নওগাঁ কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
পত্নীতলা থানা পুলিশের তথ্য ও সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানার অফিসার ইন চার্জ (ওসি) নিয়ামুল হকের নেতৃত্বে গত ১৪ এপ্রিল রাতে পত্নীতলায় বিশেষ অভিযানে নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে হানিট্র্যাপ এর মাধ্যমে ভিকটিমকে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এই চক্রটি সরদারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এই অপরাধ সংঘটিত করে আসছিল। ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে তারা ভিকটিমদের সাথে যোগাযোগ স্থাপন করতো এবং তাদের বাসায় নিয়ে এসে মারধর করে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতো। এসকল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভিকটিমের নিকট থেকে টাকা আদায় করতো।
এ সংক্রান্ত তথ্য পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও অফিসার ইনচার্জ (পত্নীতলা থানা) এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঐ বাসায় অভিযান চালিয়ে এই অপরাধের সাথে জড়িত ২ জন নারী ও ২ জন পুরুষ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মাহফুজুর রহমান বাঁধন (২৬), পিতা-মৃত আল হেলাল, মমিনুর ইসলাম (২২), পিতা-মৃত কামরুজ্জামান, পত্নীতলা, জেলা-নওগাঁ। রুমা খাতুন (২০), পিতা-মৃত খোরশেদ আলম, জয়পুরহাট। সাদিয়া আক্তার মায়া (১৯), পিতা-মৃত মামুনুর রশিদ, পোরশা, জেলা- নওগাঁ।
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অপরাধের সাথে জড়িত থাকার কথা পুলিশের নিকট স্বীকার করে। তারা বেশ কিছুদিন যাবত বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে এই ধরনের অপকর্মের কাজ করে বেড়াচ্ছে। চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য অভিযান চলমান আছে।’
এ প্রসঙ্গে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘এই চক্রের আরো সদস্য যারা জড়িত আছেন, সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তিনি এই ধরনের হানিট্রাপ থেকে তরুণদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান।’
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।