
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে এক জামায়াত কর্মীর বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৩শ বস্তা সার জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ গত বুধবার রাতে উপজেলার শিবরামপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে জামায়াত কর্মী আব্দুল লতিফের বাড়ীতে অভিযান চালায়।
এ সময় তার বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৩শ বস্তা সার উদ্ধার করেন। পরে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ ভ্রাম্যমান আদালত বসিয়ে উদ্ধার করা সারগুলো সরকারের অনূকুলে জব্দ ও অবৈধভাবে সার মজুদ করার অপরাধে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে আব্দুল লতিফের ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপ সহকারি কৃষি কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নিজের বাড়ীতে অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে কৃষকদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ সুমন জানান মজুদকৃত সারসহ আটক আব্দুল লতিফক একজন অসাধু ব্যবসায়ী, তবে আব্দুল লতিফ জামাতের কেউ নয় । সে কখনো জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল না
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।