
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে আদমদীঘি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আটককৃতরা হলেন,লকু সিভিল কলোনী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২৬) এবং একই এলাকার ছামসুল শেখের ছেলে মো. মনিরুল ইসলাম।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত উভয় আসামিকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ সময় উদ্ধারকৃত আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান, সচেতনতামূলক কার্যক্রম এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান চলবে।”
তিনি আরও বলেন, “মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।