
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— গাবতলী উপজেলার হোসেনপুর এলাকার মৃত গেল্লার ছেলে মোঃ মাসুদ (৩০), গাবতলী উপজেলার মধ্য মারছেও এলাকার মৃত ইয়াছিনের ছেলে মোঃ মানিক (৩৫) এবং বগুড়া সদর উপজেলার রহমাননগর এলাকার মৃত লোকমান মণ্ডলের ছেলে মোঃ ফারুক (৩০)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন আসামিকে সাজা প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজাও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে ডিএনসি বগুড়া সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।