
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকজাত পণ্যের ব্যবহার ও বিক্রয় নিরুৎসাহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকরা তামাকের কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ থেকে সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক ইয়াহিয়া খান রুবেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, তামাকজনিত রোগে প্রতিবছর অসংখ্য মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন। তাই তামাকের ব্যবহার কমাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে ইউএনও জাকির মুন্সী বলেন, তামাকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় তামাকজাত পণ্য বিক্রয় ও সেবন বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ বিনির্মাণে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।