
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ বকেয়া লভ্যাংশ অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ‘গ্রামীণফোন ৫% বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী’।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। স্লোগানগুলোর মধ্যে ছিল— “এক দফা, এক দাবি; গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে প্রদান করো”, “১৬ বছরের কোর্ট খেলা বন্ধ করো, আলোচনায় বসো” এবং “ন্যায্য পাওনা পরিশোধ করো”।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দাবি করেন, এ খাতে বকেয়া অর্থের পরিমাণ বর্তমানে প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকায় পৌঁছেছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘসূত্রিতা ও আইনি জটিলতার কারণে হাজারো সাবেক কর্মকর্তা-কর্মচারী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বকেয়া লভ্যাংশ পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, ইউসুফ আলী ও আবু সুফিয়ান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।