
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার মধ্য মারছেও এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন নেতৃত্ব দেন।
অভিযানকালে মধ্য মারছেও এলাকার বাসিন্দা মৃত সেলিম প্রামানিকের ছেলে মো. জনি (৪২)-কে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচার কার্যক্রম পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি সূত্র জানায়, জব্দকৃত গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও জোরদার করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
ডিএনসি বগুড়া জানিয়েছে, জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।