
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সেবনের অপরাধে ০৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) দুপুর আড়াই টার দিকে শেরপুর উপজেলার পূর্বদত্তপাড়া ও মধ্য জুমার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম। এতে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃত হলেন, পূর্বদত্তপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে আলমগীর (৩৮) গোসাইবাড়ী এলাকার ইসমাইল মন্ডলের ছেলে ইউসুফ আলী (৩৪) ও মধ্য জুমার এলাকার আব্দুর রশিদের ছেলে শাফিন (৩২)।
অভিযানকালে তাদের কাছ থেকে ০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে ১নং ও ২নং আসামিকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩নং আসামিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঘটনাস্থলেই জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয় বলে নিশ্চিত করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদকের শেকড় উপড়ে ফেলতে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো অবস্থাতেই মাদক সেবন বা সংশ্লিষ্ট অপরাধকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।