
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পুরাতন বন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতাররা হলেন, আগুনাটাইর মাস্টারপাড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে আলম (৫০), কামারপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে ওমর ফারুক (২৭) এবং আগুনাটাইড় এলাকার মৃত সিরাজ সদ্দারের ছেলে শহিদুল ইসলাম (৫২)।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় পুরাতন বন্দর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে ৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলম ও ওমর ফারুককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া শহিদুল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালতের নির্দেশে জব্দকৃত টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডিএনসি জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।