
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এবার পথ রোধ করে মারধর করে তিনজন ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারদের মারধরে দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকা নামকস্থানে এ ঘটনা ঘটে। এছাড়া একই রাতে উপজেলার আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় ছিনতাইকারীদের কবলে পরেন দুইজন ব্যবসায়ী। এসব ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।
ছিনতাইকারীর কবলে পড়া বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নানপুর গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সখিদার(৩৯) জানান, নওগাঁ সদর উপজেলার চকবুলাকী সোনারপাড়া গ্রামের শফির উদ্দীনের ছেলে রাফিকুল ইসলাম (৩৮) এবং রাণীনগর সদর বাজারের আনিছার রহমান (৫৫)সহ আমরা একটি টমটমগাড়ী ভাড়া করে তিনজন ব্যবসায়ী সুপারী ক্রয় করার জন্য নাটোর যাচ্ছিলাম।
ভোর সাড়ে চারটা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় পৌছলে ৮/৯জন মুখোশ পড়া ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্র নিয়ে পথ রোধ করে। এর পর মারধর করে তিনজন ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ৪৫হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর মধ্যে রাফিকুল ইসলামকে হাসুয়া দিয়ে কোপ দেয়ায় এবং জুয়েল সাখিদা কে মারধর করায় আহত হয়েছেন ।
জুয়েল সাখিদার জানান, একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারী ব্যবসায়ী গোপাল চন্দ্র ও উত্তম চন্দ্র আসলে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয়ে যান। অপর দিকে বুধবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ ব্যবসায়ী মারুফ হোসেন ও হেলাল উদ্দীন ব্যবসার কাজ শেষ করে আবাদপুকুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় পৌছলে ৫/৬জন মুখোশধারী তাদের পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। মারুফ হোসেন জানান,সড়কের মাঝখানে মোটরসাইকেল দিয়ে বেড়িকেট দিয়ে তাদের উপর হামলা চালায় ছিনতাইকারীরা।
এসময় দ্রুত মোটরসাইকেল নিয়ে টান দিলে আর ধরতে পারেনি। মারুফ আবাদপুকুর বাজারে চালের ব্যবসায়ী এবং হেলাল উদ্দীন আবাদপুকুর বাজারে বিকাশের এজেন্ট ব্যবসায়ী। রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান,এসব ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।