
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর হরিজন কলোনী এলাকায় পরিচালিত টাস্কফোর্স অভিযানে ২ কেজি গাঁজাসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২ জুন) রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেল এবং বগুড়া জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত শ্রীমতি রিতা বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত কৈলাসের মেয়ে।
ডিএনসি সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ওই ব্যক্তিকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
অভিযান শেষে জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসি বগুড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মাদকাসক্তি ও মাদক কারবারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।