
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) বিকেল পৌনে পাঁচটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে কুপিজেসিক ইনজেকশন ২ পিস এবং চোলাইমদ ২ লিটার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার আদমদীঘি থানাধীন ইয়ার্ড কোলনির মৃত আজিজের ছেলে মিজু (৩০), আদমদীঘি থানাধীন ছাতিয়াগ্রাম বাগবাড়ি এলাকার মৃত বাহার উদ্দিনের স্বপন (৪৫) ও একই এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৬২)।
ডিএনসি’র অভিযান চলাকালে আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি একজনকে ৫,০০০ টাকা ও অন্য একজনকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান শেষে জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।