
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১৬ মে) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। অভিযানে অংশ নেয় ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম।
গ্রেফতারকৃতরা হলেন— মিঠাপুকুর উপজেলার আবিরের পাড়ার মো: কায়েমের ছেলে মো: রিয়াদ হাসান (২৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়ার মো: জাফরুল ইসলামের ছেলে মো: রোস্তম আলী (৪২) এবং বগুড়া সদরের বুঝরুক মাঝিড়া এলাকার মো: গোলাম মোস্তফার ছেলে মো: রনি ইসলাম (৩২)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনসচেতনতা ও আইনগত পদক্ষেপের মাধ্যমে মাদকের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।