
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর থানাধীন শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত তরুণ-তরুণীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (০৯ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় তরুণদের হাতে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট তুলে দেন সংস্থাটির কর্মকর্তা ও সদস্যরা। এ সময় তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তরুণদের মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” এর মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয় ৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক কিশোর-কিশোরী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, বর্তমান প্রজন্মকে মাদকমুক্ত রাখতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সচেতনতা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততা। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। তিনি বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ডিএনসি বগুড়া নিয়মিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া আয়োজন ও সামাজিক কার্যক্রমে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণদের মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।