
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (০২ মে) বিকেল ৫টায় শেরপুর উপজেলা পরিষদের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ০৪ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের ব্যবহৃত ০১টি বাঁশি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শাজাহানপুর উপজেলার নয়মাইল গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে গোলাম রসুল (৬৪), শেরপুর উপজেলার হাজিপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুল সালাম (৫৪)।
ডিএনসি, বগুড়া’র ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুই আসামিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বিভাগটি। মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।