
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বগুড়া সদর উপজেলার বড় ধাওয়া এলাকার ছবেদ আলীর ছেলে নূর নবী (৪০), ভবানীগঞ্জ এলাকার আব্দুল বাজা আকনের ছেলে রনি (৩৮), সোনাতলা উপজেলার ছাবাসপুর এলাকার হাফিজারের ছেলে উজ্জ্বল (৩৮), একই উপজেলার আগুনিয়া তাইব এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে শহীদুল ইসলাম (৩৮) এবং শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর এলাকার মৃত জয়নালের ছেলে নুর আলম (৩৫)।
অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এবং ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের আভিযানিক টিম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান শূন্য সহনশীলতা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান শেষে ঘটনাস্থলেই উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করা হয় বলে জানা গেছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।