
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং দরিদ্র-অসহায় পরিবারের মাঝে ২৫টি সেলাই মেশিন ও ২২টি তারা-২ নলকূপ বিতরণ করা হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ জনের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, নলকূপ ও চেক তুলে দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাশরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, রামানন্দ খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আফছারুজ্জামান, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।