
নওগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে নওগাঁর সাপাহারে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৬টি ইউনিয়নের মোট ৩০০ জন উপকারভোগীর হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।