
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নওগাঁর সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামাণিক এবং সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম নাজমুল হুদা।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও মানবিক চেতনার অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও শোষণবিরোধী চেতনা বিকাশে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।