
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলার বিরইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৫ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে ৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসি, বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইদুজ্জামান হিমু-এর নেতৃত্বে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় বিরইল এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার শেরপুর থানাধীন
বিরইল এলাকার আলতাব সরকারের ছেলে ফিরোজ সরকার (৩১), শেরপুর থানাধীন ছানকা পশ্চিম পাড়ার নাসিরের ছেলে রানা (২৬) এবং একই এলাকার আব্দুল মালেকের ছেলে মিলন আহম্মেদ (২৫)।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ধ্বংস করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইদুজ্জামান হিমু বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদকসেবন বা মাদক ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না।”
এদিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।