
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার শালফা ও রাজবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযান চলাকালে রাজবাড়ী এলাকার রিপন আলীর ছেলে রায়হান আলী (১৯) এবং বোয়ালকান্দি এলাকার গোলাপ মন্ডলের ছেলে রিপন (৩৪)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আসামিদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।