
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মনোয়ারা বেগম (৬০) ও তার স্বামী মফিজুল হক (৭৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
স্ত্রীকে হত্যার পর মফিজুল হক ঘরের ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মফিজুল হকের ছেলের বউ শাপলা বেগম দাওয়াত শেষে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে শাশুড়ি মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় মনোয়ারা বেগমকে মৃত এবং মফিজুল হককে ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিশুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।