
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ১৫টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অংশ নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় পুকুরিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে রানা (২০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩০), মহাস্থান নামাপাড়া গ্রামের মৃত মান্নানের ছেলে টিটু (৫২), আদমদীঘি উপজেলার কুসুম্বী সোনারপাড়া গ্রামের মৃত মোজার ছেলে সুমন (২৭) এবং শিবগঞ্জ উপজেলার ঝামুতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মামুন (২৮)।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।
ডিএনসি জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।