
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্যান্টের বিশেষভাবে তৈরি গোপন পকেটে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার জয়পুর মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মোঃ ওসমান গণির ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় জয়পুরহাট থেকে মোকামতলাগামী সড়কে বগুড়াগামী ‘ABDULLAH TRAVELS’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসটির এইচ-১ সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা আশরাফুল ইসলামের দেহ তল্লাশি করে তার প্যান্টের বিশেষভাবে তৈরি গোপন পকেট থেকে স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেটে মোট ১ হাজার পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি আইটেল বাটন ফোন ও একটি সিম কার্ডও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডিএনসির অভিযান চলমান রয়েছে। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।