
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য বাতিঘর। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে নজরুলের দর্শন অনুসরণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের কালজয়ী সাহিত্যকর্ম ও আদর্শ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও মানবিক দর্শনের প্রতি আগ্রহ আরও বাড়বে।
অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ডা. নাহিদুজ্জামানসহ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।