
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (০৯ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
গ্রেফতার ব্যক্তি হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আবু রায়হান (৩৫)। এসময় তার কাছ থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বগুড়াজুড়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে ডিএনসি বগুড়া সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
অভিযান শেষে ঘটনাস্থলেই উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।