
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাহজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার ফুলদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ফুলদিঘী এলাকার মো. আব্দুর মালেকের ছেলে মো. বাশদা মিয়া (৪৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, ডিএনসির ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাহজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ফুলদিঘী এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ বাশদা মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মাদকাসক্তি ও মাদক কারবার রোধে ডিএনসি বদ্ধপরিকর। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।