
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার কাজিরপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর গ্রামের মিলন মিয়ার ছেলে মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর থানার কুহাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে জনি মাহমুদ (৩০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল্লাহ স্বীকার করেছেন যে, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে সহযোগী জনি মাহমুদের মাধ্যমে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তারা পরস্পরের যোগসাজশে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযানে তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।