
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ফর ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” শীর্ষক প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. খুরশিদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মো. কাওছার আলী, থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা কৃষক দলের সম্পাদক মো. মতিউর রহমান মতি। বক্তারা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন। পাশাপাশি কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, গ্রামীণ উদ্যোক্তা
সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।