
পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে ভেজাল দুধ তৈরির দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ মে) দিবাগত মধ্যরাতে ইউনিয়নের শাহানগর এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেওয়া হয়।
এসময় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল দুধ ও জেলি জব্দ করে ধ্বংস করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইউনিয়নের সেনগ্রামের মৃত আকবর হোসেনের ছেলে সাকায়াত আলী ও তার সহযোগী একই ইউনিয়নের শাহানগর এলাকার জমশেদ আলীর ছেলে সুমন আলী।
আভিযানিক দল জানায়, ভাঙ্গুড়ায় ব্যাপকহারে কৃষি আবাদ ও গবাদি পশু পালন হয়ে থাকে। এক্ষেত্রে দুগ্ধ উৎপাদনে এই অঞ্চলের সুনাম বহুদিনের। কিন্তু সম্প্রতি একটি চক্র ভেজাল দুধ উৎপাদন করে সেই সুনাম নষ্টের চেষ্টা করছে। এই চক্রের অন্যতম হোতা সেনগ্রামের সাকায়াত আলী। শাহানগর এলাকায় অবস্থিত তার কারখানায় দীর্ঘদিন ধরে জেলি ও মানবদেহের জন্য ক্ষতিকারক অন্যান্য উপকরণ মিশিয়ে ভেজাল দুধ উৎপাদন হচ্ছিলো বলে অভিযোগ ছিল। এর ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে ওই কারখানায় অভিযান চালালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা মেলে। এর দায়ে কারখানা মালিক মো. সাকায়াত আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তার সহযোগী সুমন আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, অভিযানের সময় ৭৩ কেজি জেলি ও প্রায় ৭০০ কেজি ভেজাল দুধ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬৪ হাজার টাকা। ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।