
নিজস্ব প্রতিবদক: রাজশাহীর বাঘা উপজেলায় শরিফা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে উপজেলার কিশোরপুর এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে গাজীপুর এলাকার মোহাম্মদ রাব্বি হোসেনের সঙ্গে শরিফা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানায় চাকরি করতেন। কর্মজীবনের সঞ্চয়ে গাজীপুরে জমি কিনে একটি ছোট বাড়িও নির্মাণ করেন তারা।
শুক্রবার সন্ধ্যায় শরিফা খাতুন বাবার বাড়ি কিশোরপুরে আসেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির সামনের একটি আমগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরিবারের সদস্যরা বাঘা থানায় খবর দিলে শনিবার সকালে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করে উদ্ধার করে।
নিহতের স্বামী মোহাম্মদ রাব্বি হোসেন জানান, গাজীপুরে জমি কিনে বাড়ি নির্মাণ করতে গিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া হয়েছিল। সেই ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন। তবে শরিফা খাতুনের পরিবারের সদস্যরা মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি।
বাঘা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাটি ঘিরে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।