
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল বুধবার (৩ জুন) বিকেলে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন— আদমদীঘি উপজেলার ইসবপুর গ্রামের শমরা পাহানের ছেলে শ্রী এসাদ পাহান (৩৫) এবং একই গ্রামের শ্রী আশাকুল পাহান।
ডিএনসি সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আটক দুই আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে জব্দকৃত ৫ লিটার চোলাই মদ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক উৎপাদন, পরিবহন, বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।