
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টিসেবা কর্মসূচির আওতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে অবহিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন। তিনি জানান, আগামী ২৮ জুন উপজেলার ১৪৫টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পরিচালিত হবে।
ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে সন্তানদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।