
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তি, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগী, দুঃস্থ পরিবার এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।
সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সুবিধাভোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ হুইলচেয়ার গ্রহণ করতে, কেউ ঘর মেরামতের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা পেতে, আবার কেউ ভিক্ষাবৃত্তি ছেড়ে নতুন জীবিকার আশায় অনুষ্ঠানে অংশ নেন। সহায়তা হাতে পেয়ে অনেকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি, কারও চোখে দেখা যায় আনন্দাশ্রু।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আটজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ২৫ জনকে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। এছাড়া ৪২ জন দুঃস্থ ব্যক্তি ও ১০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে মোট ৭৮ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।
একইসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ১০ জন সুবিধাভোগীকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং ছয় হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
আর্থিক সহায়তা পেয়ে হড়গ্রাম ইউনিয়নের শিক্ষার্থী ইয়ামিন আসলাম সানি বলেন, পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এই সহায়তা তাঁর শিক্ষাজীবনে নতুন প্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন পূরণে সহায়ক হবে।
নওহাটা পৌর এলাকার কাদো বেওয়া জানান, বৃষ্টির সময় ঘরের চাল দিয়ে পানি পড়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে। টিন ও নগদ অর্থ পাওয়ায় এখন ঘরের ছাউনি মেরামত করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির সুবিধাভোগী নওহাটা পৌর এলাকার জমেলা বলেন, তিনি আর ভিক্ষাবৃত্তিতে ফিরতে চান না। একটি ছাগল, নগদ অর্থ এবং প্রয়োজনীয় উপকরণ পেয়ে স্বাবলম্বী হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে প্রত্যেক সুবিধাভোগীকে একটি করে ছাগল, নগদ অর্থ এবং ছাগল পালনের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়। এর মধ্যে ছিল ওষুধ, মাল্টিভিটামিন পাউডার, প্লাস্টিকের গামলা, বেলচা, ঝাড়ু, ১৫ বর্গফুট ত্রিপল ও এক কেজি ভূষি। আয়োজকদের মতে, এসব সহায়তার লক্ষ্য কেবল তাৎক্ষণিক সহযোগিতা নয়; বরং সুবিধাভোগীদের দীর্ঘমেয়াদে স্বনির্ভর করে তোলা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকার সবসময় অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে রয়েছে। মানবিক সহায়তার উদ্দেশ্য শুধু অনুদান প্রদান নয়, বরং সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল ও সম্মানজনক জীবনের পথে এগিয়ে নেওয়া। তিনি সহায়তাপ্রাপ্তদের এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে কর্মমুখী জীবনে ফিরিয়ে আনা সম্ভব। প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে পবা উপজেলার অসহায় মানুষের জীবনমান আরও উন্নত হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, উপজেলার অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সরকারি সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে এবং তারা তা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করবে।
এদিনের অন্যান্য কর্মসূচির মধ্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম দুপুরে পবা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
পরে তিনি পারিলা ইউনিয়নের বৈরাগীর খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক সমস্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।