
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ডাম্পট্রাকের চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের বাসিন্দা হবিবুর রহমানের ছেলে অটোরিকশা চালক আবু হাসান (৪৬) এবং অপরজন অটোরিকশার যাত্রী ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তিনি পেশায় মাইক্রোবাস চালক।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, নজিপুর- ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর একটি ডাম্পট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবু হাসান ও তরিকুল ইসলাম প্রাণ হারান। ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা ডাম্পট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।