
নিজস্ব প্রতিবেদক: নাটোরের বহুল আলোচিত আবুল কালাম হত্যা মামলার দুই প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টা ৫০ মিনিটে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এবং র্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকার আশুলিয়া থানাধীন ভাদাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া এলাকার মৃত হানিফের ছেলে হাফিজ (৩৫) ও হামজা (৩৬)। তারা আবুল কালাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ মোটরসাইকেল ফেলে দিয়ে ক্ষতিসাধনকে কেন্দ্র করে আবু কাউসার ও সজল খানের সঙ্গে হাফিজ, হামজাসহ অন্যান্য আসামিদের বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য ক্ষতিপূরণ দাবি করলে আসামিরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়।
এরই জেরে ১৬ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া কদমতলা মোড়ে সজল খানকে একা পেয়ে আসামিরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় আবু কাউসার ও আবুল কালাম সজলকে রক্ষা করতে এগিয়ে এলে আসামিরা তাদের ওপরও হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলার একপর্যায়ে ইমন নামের এক আসামি তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আবুল কালামের বুকের বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। একই সময় আবু কাউসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং সজল খানের বাম হাত ভেঙে দেওয়া হয়। তাদের চিৎকার শুনে এগিয়ে আসা জামাল উদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রীকেও মারধর করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই জামাল উদ্দিন বাদী হয়ে নাটোর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আশুলিয়ার ভাদাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে হাফিজ ও হামজাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আশুলিয়া থানার মাধ্যমে নাটোর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।