
নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলার নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা, হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন জানান, মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে জেলার প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমাদের কার্যক্রম আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।”
সোমবার (১৫ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি দল নিয়ামতপুর উপজেলার রসুলপুর জালসাপাড়া, পীরপুকুরিয়া, বরেন্দ্র বাজার, শ্রীমন্ত ও লক্ষীতারাসহ বিভিন্ন এলাকায় সাতটি অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ পীরপুকুরিয়া গ্রামের মৃত আফাজ আলীর ছেলে মো. ইমরুল হাসান (৩০)কে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে রসুলপুর জালসাপাড়ার মৃত আসাদ আলী মণ্ডলের ছেলে মো. মতিউর রহমান (৬৫) এবং বরেন্দ্র বাজার এলাকার মো. ফয়েজ উদ্দিনের ছেলে মো. রাকিবুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা, ১১০ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মামলার প্রসিকিউশন ও এজাহার দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাইজুল ইসলাম।
একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের আরেকটি দল পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকায় নয়টি অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পালশা গ্রামের মো. জবেদ আলীর ছেলে মো. আরিফ হোসেন (৫৭), কাশিপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আবু তালহা বিলাস (২৮), চন্ডীপুর গ্রামের নুরুল হুদার ছেলে মো. সাখোয়াত (৩৭), মাটিয়ান্দর গ্রামের নগেন চন্দ্রের ছেলে নির্মল চন্দ্র (৩৬), একই গ্রামের রামজিত সিংয়ের ছেলে সাগর সিং (২১) এবং ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে মো. সেলিম হোসেন (২৮)কে গ্রেপ্তার করা হয়।
পরে পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহানাজ পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানের প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতোয়ার হোসেন।
উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, “মাদক নির্মূলে নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা ও জনসচেতনতামূলক কার্যক্রম একযোগে পরিচালিত হচ্ছে। নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।