
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২০ জুন) বিকেল ৩টা ৫০ মিনিটে ধুনট উপজেলার সদরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, ডিএনসির ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় সদরপাড়া এলাকা থেকে সদরপাড়ার বাসিন্দা পিয়ার আলীর ছেলে মো. শাহ আলম শেখ (৩২)-কে ৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।