
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান পাচারের সময় এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে শাহজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বালাপাড়া এলাকার মৃত জব্বারের মেয়ে ও মেহেদীর স্ত্রী মোছা. জরিনা (৫০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় বগুড়া সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে একটি মাদকের চালান ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল শাহজাহানপুর থানার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয়।
একপর্যায়ে ঢাকা থেকে বগুড়াগামী আর-কে ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী কোচে অভিযান চালানো হয়। বাসটির বি-৪ নম্বর আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা জরিনার দেহ ও তার বহন করা কালো রঙের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি প্যাকেটে ২০০টি করে মোট ৬০০ পিস এবং অপর একটি প্যাকেটে ১০০ পিসসহ সর্বমোট ৭০০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৭০ গ্রাম। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি ভিম্যাক্স ভি-৫৩ মডেলের বাটন ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহায়তা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।